যশোরের অভয়নগরে ভ্যানচোর সন্দেহে ইলিয়াস শেখ (৪০) নামে একব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এই গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস শেখ শুভরাড়া গ্রামের হাকিম শেখের ছেলে। এই নিয়ে চলতি মাসে জেলার বিভিন্ন স্থানে গণপিটুনিতে ৬ জন নিহত হয়েছে।
আরও পড়ুন : শৈত্যপ্রবাহের পর ঝরতে পারে বৃষ্টি
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাত ইলিয়াস শেখ ও তার এক সহযোগী অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালাচ্ছিলেন। ভোররাত চারটার দিকে ভ্যানটি চালিয়ে তিনি শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার আছাদ ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছান। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি দ্রুত ভ্যান চালাতে থাকেন। একপর্যায়ে তিনি ভ্যানসহ সড়কের পাশের গর্তের মধ্যে পড়ে যান। এ সময় এলাকাবাসী তাকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা যান। এ সময় সুযোগ পেয়ে অপর চোর পালিয়ে যান।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এমআরএম