রয়টার্স
হন্ডুরাস থেকে মেক্সিকোতে অবৈধভাবে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের সীমান্তমুখী মধ্য আমেরিকার ৮০০ শরণার্থীকে আটক করার কথা জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সীমান্তে শরণার্থীর ঢল থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র চাপের মুখে মেক্সিকো মধ্য আমেরিকার এই শরণার্থীদের আটক করছে।
মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৮০০ শরণার্থীকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানোর কথা জানায়। এসব আশ্রয়কেন্দ্রে খাবার, পানি ও চিকিত্সা মিলবে বলেও জানিয়েছে তারা। আইনি লড়াই শেষে শরণার্থীদের আবেদন গ্রহণ কিংবা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
শরণার্থীদের বাধা না দিলে ট্রাম্প মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞাসহ নানান অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হন্ডুরাস হয়ে নদী পেরিয়ে আরো প্রায় ২০০ শরণার্থী মেক্সিকোতে ঢুকে গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত আছে বলেও আইএনএম নিশ্চিত করেছে।