বিবিসি ও রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানির সময় অনেক সিনেটরকে যুক্তিতর্কের দিকে মনোযোগ দিতে দেখা যায়নি। তাদের বিরুদ্ধে ঘুমানো, গেমস খেলাসহ নানা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটকে অতি পবিত্র ও শিষ্টাচার প্রদর্শনের স্থান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই সিনেটরদের বিরুদ্ধে মার্কিন সংবাদমাধ্যম একঘেঁয়েমিতে আক্রান্ত স্কুলের শিক্ষার্থীদের মতো আচরণের অভিযোগ করেছে। অভিশংসন বিচারের সময় সিনেটরদের আসনে থাকার বিধান রয়েছে। তবে কমপক্ষে ৯ জন ডেমোক্র্যাট ও ২২ জন রিপাবলিকানকে বৃহস্পতিবার তাদের আসন ছেড়ে উঠতে দেখা গেছে।
সিনেটে পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি রিপাবলিকান সিনেটর জিম রিশকে শুনানির সময় তার চেয়ারে দুই চোখ বন্ধ করে স্থির হয়ে বসে থাকতে দেখা গেছে। তবে তিনি ঘুমানোর কথা অস্বীকার করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেছেন, গভীর মনোযোগ দিয়ে যুক্তিতর্ক শোনার জন্য তিনি দুই চোখ বন্ধ করে ছিলেন। এনবিসি জানিয়েছে, রিপাবলিকান সিনেটর জিম ইনহোফে ঘুমে ঢলে পড়ে যাওয়ার মুহূর্তে তাকে মৃদু ধাক্কা দিয়ে জাগিয়ে তোলেন আরেক সিনেটর টড ইয়াং। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নারকে ঝুঁকে থাকা অবস্থায় ডান হাত দিয়ে ২০ মিনিট ধরে চোখ বন্ধ করে রাখতে দেখা গেছে।
সিনেটের সাধারণ শুনানিতে ফোন, ল্যাপটপ, ট্যাবলেট নিয়মিত আনা হয়। কিন্তু সিনেটে এই শুনানির সময় ইলেকট্রনিকস পণ্য আনা নিষিদ্ধ থাকায় অনেককে অস্থির হতে দেখা যায়। তবে অনেক সিনেটরকে ভিন্ন উপায় বের করতে দেখা যায়। তারা স্মার্ট ওয়াচ পড়েছিলেন। রিপাবলিকান সিনেটর র্যান্ড পলকে ক্রসওয়ার্ড পাজল মেলায় দেখা গেছে। তিনি কাগজ দিয়ে একটি উড়োজাহাজও বানিয়েছিলেন। তবে অনেক সিনেটরকে শুনানিতে গভীর মনোযোগ দিয়ে যুক্তিতর্ক শুনতে দেখা গেছে। তাদের কেউ কেউ নোট নিচ্ছিলেন।
এই বিচারের শুনানিতে অংশ নেওয়া ১০০ জন সিনেটর জুরির ভূমিকা পালন করছেন। এর মধ্যে ৫৩ জন রিপাবলিকান ও ৪৭ জন ডেমোক্র্যাট। ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারিত করতে হলে এই জুরিদের দুই-তৃতীয়াংশের সমর্থন বা ৬৭ ভোট লাগবে। ফলে ট্রাম্প সহজেই পার পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।