তিন ফেব্রুয়ারি উদ্বোধন
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি মহাপরিদর্শক অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ল্যাবের শুভ উদ্বোধন করবেন। ঢাকা ও চট্টগ্রামের পর এটি হবে দেশের তৃতীয় ফরেনসিক ল্যাব। সিআইডি রাজশাহীর পুলিশ সুপার শাহরিয়ার রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এ ফরেনসিক ল্যাব হওয়ার ফলে মামলার আলামত ঢাকায় আনা-নেওয়ার ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। বিভিন্ন ধরনের আলামত, বিশেষ করে জৈবিক আলামতগুলো নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না।
সিআইডি সূত্র মতে, রাজশাহী ও রংপুর রেঞ্জের ১৬টি জেলা ও দুই মহানগরের সকল থানা এই ল্যাবেই সেবা পাবেন। মামলা তদন্তে তাদের জন্য এই ল্যাবে থাকছে ৯ ধরনের সুবিধা। সূত্র মতে, ‘ক্লু’ বিহীন বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন ও বিভিন্ন আলামত, ডিএনএ ও সাইবার টেস্টের মতো গুরুত্বপূর্ণ আলামত পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাব বর্তমানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটনে ঢাকার ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হয় সংশ্লিষ্টদের। এতে সময় বেশি প্রয়োজন হয়। পরীক্ষার রিপোর্ট পেতেও বিলম্ব হয়। ফলে মামলার তদন্ত কাজ আটকে থাকে। এ জন্য বিভাগীয় পর্যায়ে ফরেনসিক ল্যাব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী পুলিশ লাইন্সে একটি ল্যাব স্থাপন করা হয়েছে।
সিআইডির ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, ‘তৃতীয় ল্যাবের যাত্রা শুরু হলে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর সব পরীক্ষা সেখানেই করা সম্ভব হবে। তাদের ঢাকায় আসার প্রয়োজন হবে না। এতে সময় বাঁচবে, তদন্তের গতিও বাড়বে।’
সিআইডির ফরেনসিক কর্মকর্তারা বলেন, পরীক্ষাগারটিতে রাসায়নিক, ব্যালিস্টিকস, হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট, অণুবীক্ষণ, ফুট প্রিন্ট ও জাল নোট শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রাসায়নিক পরীক্ষাগারে ভিসেরা, নারকোটিক ও অ্যাসিড টেস্টসহ আরো কয়েকটি আইটেম পরীক্ষা করা যাবে।
এদিকে, ল্যাবের রাসায়নিক পরীক্ষাগারে সব ধরনের মাদকদ্রব্য, মৃত মানুষ ও পশু-পাখির ভিসেরা, কবর থেকে তোলা হাড়, চুল, মাটি ও সফট টিস্যু, বিষাক্ত বা চেতনানাশক পদার্থের উপস্থিতির রাসায়নিক বিশ্লেষণ সম্ভব হবে।
ফিঙ্গারপ্রিন্ট শাখার বিভিন্ন সেবার মধ্যে রয়েছে ‘ক্রাইম সিন’ থেকে সংগৃহীত দৃশ্যমান ও অদৃশ্যমান আঙুলের ছাপের সঙ্গে সন্দেহভাজনদের আঙুলের ছাপের তুলনামূলক পরীক্ষার সুবিধা ও এ সংক্রান্ত বিশেষজ্ঞ মত এবং সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট লেটেস্ট প্রিন্ট এএফআইএস ডাটাবেজে সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তল্লাশি করে মিল বা অমিল খুঁজে বের করা।
ল্যাবের হস্তলিপি শাখায় বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিবাদমান দলিলের লেখা বা সই জাল, নম্বর ঘষামাজা করে বা রাসায়নিক পদার্থের ব্যবহার করে অবমোচন করা হলে তা পরীক্ষা করে মতামত দেওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া জাল নোট ও ব্যালিস্টিক শাখারও সেবা পাওয়া যাবে এই ল্যাব থেকে।