দাফনের ছয় দিন পর দুই শিশুর লাশ উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধি

মৃত্যুর কারণ জানতে দাফনের ছয় দিন পর কবর থেকে দুই শিশুর লাশ উত্তোলন করেছেন পুলিশ। শুক্রবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আলদাদপুর গ্রাম থেকে ঐ দুই শিশুর লাশ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন। নিহতরা হলো সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে মিম আক্তার (৫) ও একই গ্রামের শিপন মিয়ার ছেলে জিহাদ মিয়া (৭)।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, তারা গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ঐ রাতেই বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই জনের লাশ উদ্ধারের পরদিন দুপুরে তাদের দাফন সস্পন্ন হয়। পরে তাদের মৃত্যু নিয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে মিমের বাবা নুরুন্নবী হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, মামলার ফলে শুক্রবার বিকেলে ঐ দুই শিশুর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর মৃত্যুর কারণ জানা যাবে।