লাকসামে সংকীর্তন উপলক্ষ্যে মেলা!

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে জগন্নাথবাড়ী প্রাঙ্গণে ৩৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন উপলক্ষ্যে পার্শ্ববর্তী পাইলট হাইস্কুল মাঠ জুড়ে মেলা বসে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া এ মেলায় সকাল থেকে রাতঅবধি সনাতন ধর্মাবলম্বী ছাড়াও নানা ধর্ম এবং বয়সের নারী-পুরুষ ও শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় ১১৪ বছর যাবত্ লাকসাম জগন্নাথ দেবালয়ে এ উত্সব পালিত হয়ে আসছে। শুক্রবার পূজা, ভোগারতি এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে উত্সব শেষ হয়। মেলায় নাগরদোলা, সুপার চেয়ার হানিসিং, শিশুদের মিনি ঘোড়া, আনন্দনগর ট্রেনসহ খেলনা, কসমেটিকস, ফার্নিচার, তৈজসপত্র, পূজার সামগ্রী, খাবার দোকান, তৈরি পোশাকসহ প্রায় ১৫০টি স্টল ও নানা রকমের পসরা বসে। লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, প্যানেল মেয়র বাহারউদ্দিন, স্থানীয় কাউন্সিলর আফতাবউল্যাহ চৌধুরী ঝন্টু প্রমুখ উত্সবস্থল পরিদর্শন করেন।