ঝিনাইগাতী হাসপাতালে এক্সরে মেশিন বিকল

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি মেশিন নেই। এক্সরে মেশিন থাকলেও শুরু থেকেই তা বিকল হয়ে পড়ে আছে। ১৯৯২ সালে ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। এ উপজেলার ২ লাখ লোকের চিকিত্সা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১৯ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আল্ট্রাসনোগ্রাফি মেশিন। ১৯৯৬ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে ব্যবস্থা চালু হয়। কিন্তু চালুর পর থেকেই মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে।  আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে মেশিন না থাকায় রোগীদের পাঠানো হয় শেরপুর জেলা সদর হাসপাতালে। এতে ভোগান্তির শিকার হতে হয় রোগী ও রোগীর সঙ্গে থাকা লোকজনকে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে মেশিন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে। জরুরিভিত্তিতে তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।