নদীতে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে বাধা, আটক এক

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব আশ্রয়ণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মত্স্য কর্মকর্তা ও নৌ-পুলিশের এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন। হামলায় জড়িত ও জাটকা নিধনের অপরাধে নেছারাবাদ উপজেলার সেহাংঙ্গল গ্রামের মৃত মো. আকসান হাওলাদারের ছেলে মো. রিয়াজকে (৩৮) আটকের এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ কারাদণ্ডাদেশ দেন।

উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনিভুষণ পাল জানান, মত্স্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশনের জন্য সকালে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করি। এ সময় নদীর পারে এক জেলের জাল জব্দ করতে গেলে আশপাশের জেলেরা আমাদের ট্রলারে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েক জন আহত হয়। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ নামে এক জেলেকে আটক করে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।