মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিদিন ভিড় বাড়ে বিকালে। তবে গতকালের চিত্র ছিল অন্যরকম। সকালে মেলার গেট খুলে দেওয়ার পরপরই লোকসমাগম বাড়তে থাকে। যা বিকালে পরিণত হয় জনসমুদ্রে। গতকাল ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় ছিল উপচেপড়া ভিড়। পার্কিংয়ের নির্ধারিত স্থান পূর্ণ হওয়ার পরে রাস্তায়ও গাড়ির লাইন দেখা গেছে। মেলার আশপাশের রাস্তা ছিল লোকে লোকারণ্য।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে মেলায় প্রবেশ করেন ক্রেতা দর্শনার্থীরা। কেউ ঘুরেছেন, অনেকে বিভিন্ন পণ্য দেখেছেন, মান যাচাই করেছেন। মনের মতো দাম হলে কিনেছেন। মেলার শেষ সময়ে পণ্যভেদে চলছে বিভিন্ন রকমের অফারের ছড়াছড়ি। শিশুদের হই হুল্লোড়ে জমজমাট ছিল দুই পাশের দুইটি শিশুপার্ক। ইতিহাস জানতে তরুণদের ভিড় ছিল বঙ্গবন্ধু প্যাভিলিয়নে। নারী ক্রেতাদের ভিড় ছিল প্রসাধনী, অলংকার ও গৃহস্থালি পণ্যের দেশি-বিদেশি স্টলগুলোতে। মেলা উপলক্ষ্যে ইটালিয়ানো দিচ্ছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়। আকিজ প্লাস্টিকে রয়েছে ২০-২৫ শতাংশ, বেঙ্গল প্লাস্টিকে রয়েছে ১৫ শতাংশ মূল্যছাড়। ফ্রেশ দিচ্ছে ৪১ শতাংশ মূল্যছাড়। ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন ক্রেতাদের জন্য দিচ্ছে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়। নানা ধরনের হস্তশিল্প পণ্যে রয়েছে ৩০-৪০ শতাংশ মূল্যছাড়। পোশাকে রয়েছে ৫০-৭০ শতাংশ মূল্যছাড়। তিন সেট থ্রি-পিস মিলছে ৬০০ টাকায়। এছাড়া ১০০০ টাকা, ১২০০ টাকা ও ১৫০০ টাকার অফারেও তিন সেট থ্রি-পিস বিক্রি করা হচ্ছে। পোশাকের স্টলগুলোর সামনে গোল্ডেন অফার লিখে একাধিক পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছে।