বগুড়ায় গতকাল শুক্রবার দিনে-দুপুরে এক যুবলীগ নেতার ছুরিকাঘাতে শাহেদ (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা রুবেল হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সংগঠনটির বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন কমিটির সভাপতি। বগুড়া সদরের পূর্ব আশোকোলা গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে তিনি। গতকাল দুপুরে বগুড়া সদরের নুনগোলা ঈদগাহ মাঠ এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্থানীয় সদর উপজেলার ন্যাংড়ার বাজারে সেলুনে চুল কাটার সিরিয়াল দেওয়া নিয়ে দুই যুবকের মধ্যে ঝগড়া হয়। এদের মধ্যে এক যুবক অন্যকে ‘শায়েস্তা’ করার জন্য যুবলীগ নেতা রুবেলকে ফোন করে ডেকে আনে। রুবেল বাজারে পৌঁছে সেলুনের কর্মচারীদের ওপর চড়াও হয়। এসময় শাহেদের ছোটো ভাই জাফরুল রুবেলকে বাধা দেয়। এতে রুবেল ক্ষুব্দ হয়ে জাফরুলকে মারধর করে। জাফরুল তার বাড়িতে গিয়ে বড়ো ভাই শাহেদকে ঘটনাটি জানায়। শাহেদ ঘটনা শুনে ঐ বাজারের দিকে আসতে থাকে। নুনগোলা ঈদগাহ মাঠের কাছে রুবেল ও তার সহযোগীদের সঙ্গে শাহেদের দেখা হলে তার ছোটো ভাইকে মারধরের কারণ জানতে চায়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহেদের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে রুবেল সেখান থেকে চলে যায়। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর তিনটার দিকে তার মৃত্যু হয়।