জনসচেতনতা ও ঐক্যবদ্ধ চেষ্টায় রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার সম্ভব -------আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ন্যায্য দাবি আদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সরকার উন্নয়নের জন্য প্রভূত অর্থ বরাদ্দ দেয়। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যক্তির কারণে এই অর্থের সঠিক ব্যবহার হয় না। জনগণের সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তিনি গত বৃহস্পতিবার রাতে ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের নিভৃত এলাকা পশারীবুনিয়া বাজারে এক মতবিনিময় সভায় আরো বলেন, এ অঞ্চলের মানুষ আদিকাল থেকে সুপেয় পানি পান থেকে বঞ্চিত ছিল। বিশুদ্ধ পানির অভাবে মানুষের মধ্যে নানা রোগব্যাধি লেগে থাকত। আল্লাহর রহমতে আমরা ভাণ্ডারিয়া উপজেলার এই গ্রামীণ জনপদে সুপেয় পানির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি সব সময় বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ন্যায্য দাবি আদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। যারা ঝগড়া-ফ্যাসাদ করে আল্লাহ তাদের পছন্দ করে না। ভাণ্ডারিয়াসহ এই অঞ্চলের মানুষের মাঝে আল্লাহর প্রতি                আনুগত্য ও ভীতি বিরাজ করে বলে এখানে দীর্ঘদিনের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায়ই আমি ৩৬ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। তার পরও বলেন আপনাদের সঙ্গে আরো থাকতে। আল্লাহ যত দিন চাইবেন ততদিনই আপনাদের সঙ্গে আমি থাকব।

ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক-সাংবাদিক মো. দেলোয়ার হোসাইন ও ধাওয়া ইউপি সদস্য মাহবুব হোসেন মারুফ সরদার। আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গৃহীত পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া বাজারে লবণাক্ততা দূরকরণে পানি প্লান্টের উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাণ্ডারিয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হারেস প্রমুখ।