টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় মাদক, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহলদল ইয়াবার চালান আনার সংবাদ পেয়ে জাদিমোরা মসজিদ পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক বস্তা মাথায় করে চলে যাওয়ার সময় বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারি চক্রের সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ল্যান্সনায়েক মো. নুরুল আমিন (২৭) ও সিপাহী শাহিনুর ইসলাম (২৫) আহত হয়। বিজিবিও পালটা গুলি করে। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে বিজিবি। এসময় গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয়ের ঐ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে উখিয়া উপজেলার থাইংখালী ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিক বলে জানা গেলেও নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।