লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন তামিম

জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২২ রানে ফিরে গেলেন ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে যান তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৩২ রান।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম ওভারে শত রান পার করা ওয়েস্ট ইন্ডিজ দুইশ রানই করতে পারেনি। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও এভিন লুইস। মাত্র ৪.৫ ওভার খেলে ৭২ রান করে এই জুটি। 

এরপর সাকিব আল হাসান সেই জুটি ভাঙেন। তার বলে শাই হোপ বোল্ড হয়ে যান। আউট হওয়ার আগে ১২ বলে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৩ রান করেন হোপ। দলীয় ৯৬ রানে মুস্তাফিজ ফেরান কিমো পলকে। আর দলীয় ১২২ রানে ক্যারিবীয়দের সবচেয়ে সফল এভিন লুইসকে ফেরান মাহমুদউল্লাহ। মাত্র ১৮ বল থেকে ঝড়ো ইনিংস খেলে লুইস পূরণ করেন হাফসেঞ্চুরি। ৩৬ বল থেকে ৬টি চার ও ৮টি ছক্কার মারে ৮৯ রান করে আউট হন এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। 

এরপর শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলকেও সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ। বাকি কাজটা সমাপ্ত করেন মুস্তাফিজ ও সাকিব। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী ব্যাটসম্যানদের নিকোলাস পুরান সর্বোচ্চ ২৯ রান করেন। সাকিব, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ তিনটি করে উইকেট।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

ইত্তেফাক/কেআই