রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমারকে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনকে গণহত্যা আখ্যায়িত করে তিনি বলেন, শিশু থেকে বৃদ্ধ সব বয়সি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর, পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক এই গণহত্যা বন্ধের নির্দেশ এক বড়ো মাইলফলক। এই নির্দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে আশা করি। তিনি আইসিজের নির্দেশ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ দেশে প্রত্যাবর্তনের বিকল্প নেই বলে জানান।