জার্মানিতে মা-বাবাসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। দেশটির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে গতকাল গোলাগুলির ঘটনায় আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মুখপাত্র রুডলফ বিলমায়ার বলেছেন, হামলায় ছয়জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী জার্মানি বলেও জানান তিনি। খবর ডয়চেভেলে ও রয়টার্সের
হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর পৌনে একটার সময় রট আম জে শহরের একটি ভবনের কাছে এই ঘটনা ঘটে। রট আম জে শহরটি ফ্রাঙ্কফুর্ট থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। হামলাকারীর পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। তারা জানান, ২৬ বছর বয়সী ঐ ব্যক্তি ছয়জনকে হত্যা করে। এদের মধ্যে তিনজন পুরুষ যাদের বয়স ৩৬, ৬৫ ও ৬৯ বছর। নিহত তিন নারীর বয়স ৩৬, ৫৬ এবং ৬২ বছর। বাকি দুইজন গুরুতর আহত। ১২ ও ১৪ বছরের দুইজনকে হুমকি দিলেও গুলি করা হয়নি। হামলাকারী হত্যার পর নিজেই পুলিশকে ফোন দেয় এবং গ্রেফতারের আহ্বান জানায়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার শ্যুটিং খেলার জন্য একটি লাইসেন্স করা বন্দুক দিয়েই হত্যাকা্ল চালানো হয়। পারিবারিক বিরোধেই এই হত্যা বলে পুলিশ ধারণা করছে। তবে বিস্তারিত জানা যায়নি।
গত অক্টোবরে জার্মানির হালে শহরের একটি সিনাগগের কাছে উগ্র ডানপন্থির গুলিতে দুজন নিহত হয়েছিলেন| এর আগে ২০১৬ সালের জুলাই মাসে অবৈধভাবে অনলাইন থেকে কেনা একটি পিস্তল দিয়ে একজন টিনএজার নয়জনকে গুলি করে হত্যা করেছিলেন। মিউনিখের একটি শপিং মলে এই ঘটনা ঘটেছিল।