আইএসও সনদ পেল ভারতীয় ভিসা কেন্দ্র

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতির স্বরূপ আইএসও ৯০০১ : ২০১৫ সনদ অর্জন করেছে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এক পোস্টে এই খবর জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদন এবং সরবরাহকারী কেন্দ্র ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, যমুনা ফিউচার পার্ক’ (আইভিএসি) ‘আইএসও ৯০০১ : ২০১৫’ গুণগত মানের সনদ অর্জন করেছে। আইভিএসির উচ্চ গুণগত মানসম্পন্ন সেবার স্বীকৃতি স্বরূপ এই সনদ দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি এই সনদ প্রদান করা হয়। সনদ গ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

২০১৮ সালের ১৪ জুলাই যমুনা ফিউচার পার্কে নতুন, সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। ১৮ হাজার ৫০০ বর্গফুট এলাকা নিয়ে অবস্থিত এই বিশাল ভিসা সেন্টারটি কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন, আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষা করার স্থান, কফি এবং কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেওয়ার জন্য ৪৮টি কাউন্টার নিয়ে গঠিত।