টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুুরের সাবেক সংসদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম দিপুর বাড়িতে গতকাল শুক্রবার অতর্কিত হামলা ও ভাঙচুর চালায় টঙ্গীর বিক্ষুব্ধ জনতা। এর আগে গত পাঁচ দিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে।
দিপুর সহধর্মিণী শরিফা খানম সুমি জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে হঠাত্ করে প্রায় ৪ থেকে ৫০০ লোক বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা বাড়িতে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। বাধা দিলে তারা আমাকে বলে যে, মাস্টারের খুনির কোনো আত্মীয়স্বজনকে টঙ্গীতে থাকতে দেব না। এরপর তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির তিনটি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ সময় টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে বিক্ষুব্ধরা দ্রুত চলে যায়।