সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাওনা ২০ টাকা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে কদবুত আলী (৬৪) নামের এক চানাচুর বিক্রেতা নিহত হয়েছে। শনিবার দুপুরে দোয়াবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কদবুত আলী দোয়াবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বড়কাটা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানাযায়, দোয়ারাবাজার উপজেলার বড়কাটা গ্রামের কদবুত আলী একই গ্রামের আব্বাস মিয়া’র কাছ থেকে কয়েক দিন আগে ২০ টাকা হাওলাত নেন। শনিবার দুপুরে আব্বাস মিয়া তার পাওনা ২০ টাকা চাইতে গেলে কদবুত আলী’র সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্বাস মিয়া চানাচুর বিক্রেতা কদবুত আলীকে মারধর করলে ঘটনাস্থলে তিনি মারা যান।
আরও পড়ুন: জঙ্গি কর্মকাণ্ডে জড়িত খুবির দুই শিক্ষার্থী ১০ দিনের রিমান্ডে
পরে স্থানীরা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক আব্বাস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল হাসেম বলেন, পাওনা টাকার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখানও কোন মামলা দায়ের করা হয়নি।
ইত্তেফাক/আরআই