/ মুহা. তাজুল ইসলাম
কারিগরি স্টল
গ্রামে সিঁধ কাটা থেকে শুরু করে ফেসবুকের স্ট্যাটাস কিংবা পরীক্ষা হলে অন্যের লেখা কপি করার মাধ্যমে অথবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গাসহ সর্বত্রই চুরি করা বা এর মাধ্যমে সুবিধা নেওয়া মানুষের সংখ্যা অনেক। এসব চুরি-পেশায় ধরা না খাওয়ার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহের জন্য করা যেতে পারে ‘কারিগরি স্টল’।
কুটনামি স্টল
এদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর-বন্দর পর্যন্ত সবখানেই ভারতীয় টিভি সিরিয়াল পৌঁছে যাওয়ার মাধ্যমে গৃহবধূ, ঘরের কন্যা ও শাশুড়ি কুটনামি আর হোম পলিটিক্সে ব্যাপক যোগ্যতা অর্জন করলেও কোনো কোনো ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড সংসারজীবন এবং বন্ধুমহলে প্রয়োগের জন্য; ঝগড়াঝাটি এবং পারিবারিক রাজনীতিতে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য বাণিজ্য মেলায় স্থাপিত হতে পারে ‘কুটনামি স্টল’।
তেল স্টল
আন্তর্জাতিক বাজারে দশ বছর আগের তুলনায় তেলের মূল্য অনেক কমে এলেও এখনো দেশের বাজারে তেলের মাত্রারিক্ত মূল্যের অন্যতম কারণ হলো সর্বত্র তেলের অস্বাভাবিক প্রয়োগের কারণে অত্যধিক চাহিদা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জন্য নিম্নপর্যায়ের কর্মকর্তাদের তেলের ব্যাপক ব্যবহারের পাশাপাশি রাজনীতিতে পদপ্রাপ্তি, টেন্ডারবাজি, ফেসবুকে দৃষ্টি আকর্ষণসহ সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য রয়েছে তেলের ব্যাপক ব্যবহার। তেলের ব্যবহার সঠিক পদ্ধতিতে করার মাধ্যমে সুবিধা আদায়ের উপায় বাতলে দিতে বাণিজ্য মেলায় করা যেতে পারে ‘তেলের স্টল’।
ইস্যু স্টল
দেশে ইস্যু আসে, ইস্যু যায়। এখানে কারণ ছাড়াই যেমন ইস্যু সৃষ্টি হয়, ঠিক তেমনি অকারণেও গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়ে যায়। এই ইস্যু ঘরের ড্রইং রুম থেকে শুরু করে চায়ের দোকান, অফিস, টেলিভিশনের টক-তিতা শো, ফেসবুক এমনকি ঠাট্টা পর্যন্ত মাতিয়ে রাখে। কোন সময়ে কোন ধরনের ইস্যুর ব্যবহার কীভাবে করতে হবে, এর সঠিক পদ্ধতি জানান দিতে বাণিজ্য মেলায় করা যেতে পারে ‘ইস্যু স্টল’।
দুর্নীতি স্টল
এদেশে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে রয়েছে ঘুষ-দুর্নীতি-কমিশনের অবাধ বাণিজ্য। এর মধ্যে কোথাও দুর্নীতি হয় প্রকাশ্যে, আর কোথাও এটা হয় গোপনে। এছাড়া অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন, যারা ঘুষ-দুর্নীতিতে জড়াতে না চাইলেও তাদের এ ব্যাপারে অনুরোধ করেও ফল হয় না। সঠিক ক্ষেত্রে, সঠিক জায়গায়, সঠিক পরিমাণ ঘুষ প্রদানে ব্যর্থতার জন্য অনেক সম্ভাবনাময় কাজ শুরুতেই ব্যর্থ হয়ে যায়। ঘুষ-দুর্নীতির সঠিক সময়, স্থান ও পদ্ধতি বিস্তারিত জানাতে এবং প্রশিক্ষণ দিতে তাই বাণিজ্য মেলায় করা যেতে পারে ‘দুর্নীতি স্টল’।