বৌভাতের দিন জঙ্গলে মিলল বরের মরদেহ

গাইবান্ধার সাঘাটায় বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানের দিন বর মাহফুজার রহমানের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের একটি জঙ্গলে গাছে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।  

নিহত মাহফুজার রহমান ওই গ্রামের রফিকুল ইসালামের ছেলে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, প্রায় ২ মাস আগে মাহফুজার রহমানের সঙ্গে একই ইউনিয়নের ভরতখালি গ্রামের ওবাইদুল ইসলামের মেয়ে অঞ্জনা খাতুনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় দুপক্ষের আলোচনায় শুক্রবার (২৪ জানুয়ারি) কনের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। 

আরও পড়ুন: যাত্রীর বেশে বাসে ডাকাতি, সর্বস্ব লুট

তিনি আরও জানান, শুক্রবার সকালে মাহফুজার রহমানের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মা মেনেকা বেগম শোবার ঘরে ডাকতে গিয়ে দেখেন ঘরে কেউ নেই। পরে অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন বিকেলে বাড়ির অদূরে লালমিয়ার ভিটায় (জঙ্গলে) একটি গাছের ডালে ঝুলে থাকা অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। পরে রাতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারণে মাহফুজারের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

ইত্তেফাক/এসি