৯৪ টাকায় বাড়ি ছবির মতো এই শহরে

বিশ্বপ্রবাহ ডেস্ক

 

সুবর্ণ সুযোগ! মাত্র এক ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৯৪ টাকায় মালিক হতে পারেন সাজানো গোছানো এই শহরের একটি বাড়ির। চাইলে বন্ধুবান্ধব, পরিচিত যাদের সঙ্গে আপনি থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদেরও নিয়ে আসতে পারেন এখানে। ইতালির অ্যাভেলিনো প্রদেশের ছবির মতো সুন্দর একটি শহর বিসাকিয়া। সেই শহরের ৯০টি খালি বাড়িতে নতুন বাসিন্দা চাইছে স্থানীয় প্রশাসন। সেজন্য প্রায় বিনা পয়সায় বাড়িগুলো হস্তান্তরের প্রস্তাব দিয়েছে তারা।  এই ৯০টি বাড়ি একটির সঙ্গে আর একটি লাগোয়া। এমনকি দেখা যায় দুটি বাড়ির প্রবেশপথ এক। তাই শহরের প্রশাসন জানিয়েছে, চাইলে প্রতিবেশী নিয়েই আপনি এখানে আসতে পারেন।

বিসাকিয়া শহরের মেয়র ফ্রান্সিসকো টার্টাগিয়া জানিয়েছেন, এখানে ভালো উপার্জনের ব্যবস্থা না থাকায় উন্নত জীবনের আশায় অনেকেই এই শহর থেকে অন্যত্র পাড়ি দিয়েছেন। ফলে তাদের বাড়িগুলো খালি পড়ে রয়েছে। প্রশাসন চায় নতুন করে এখানে বাসিন্দা আসুন। বাড়িগুলো সামান্য মেরামত করতে হবে। তারা চান কোনো ব্যক্তি, পরিবার বা সংস্থা বাড়িগুলোর দায়িত্ব নিন।

এর আগেও ইতালির কিছু শহরে একই রকমভাবে জনসংখ্যা বাড়াতে বাড়ি বিক্রির কথা বলা হয়েছিল। সেখানেও কম দামে বাড়ি দিয়ে নতুন বাসিন্দাদের আহ্বান করা হয়েছিল।

বিসাকিয়া শহরের মানুষরা খুবই বন্ধুবত্সল, মিলেমিশে আনন্দ করে থাকতেই পছন্দ করেন। শহরের মোট বাসিন্দা সাড়ে ৪ হাজারের কাছাকাছি। জনসংখ্যা আরো বাড়াতে এই আকর্ষণীয় সুযোগ দিচ্ছে বিসাকিয়া প্রশাসন। যারা প্রকৃতির কোলে, সবুজ পাহাড় ঘেরা নিরিবিলিতে বসবাস করতে চান তাদের জন্য এই শহর আদর্শ জায়গা বলে দাবি করেছেন ফ্রান্সিসকো। এখানে পাহাড়, জঙ্গলের সঙ্গেই পাবেন ঐতিহ্যের ছোঁয়া। —সিএনএন