রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ্ হল থেকে একটি সাইকেল চুরি হয়েছে। ওই সাইকেল চুরির ঘটনায় ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক জড়িত বলে প্রমাণ পেয়েছে হল প্রশাসন। বিজয় কৃষ্ণ বণিক বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হলের অনাবাসিক শিক্ষার্থী হলেও ২১৭ নম্বর কক্ষে থাকেন।
জানা যায়, গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রথম ব্লকের ১০২ নম্বর কক্ষের সামনে থেকে শিক্ষার্থী তরিকুল রহমান তারেকের সাইকেল চুরি হয়। ওই দিনই সাইকেল চুরির বিষয়ে হল প্রশাসনে লিখিত অভিযোগ করেন তারেক।
ওই অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে হলের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে হল প্রশাসন। হল প্রশাসন জানিয়েছে, শিমুল আহমেদ নামে বহিরাগত (বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডির বাসিন্দা) সাইকেলটি চুরি করে। এরপরই অভিযুক্ত চোরকে মতিহার থানা পুলিশের কাছে তুলে দেয় হল প্রশাসন।
আরো পড়ুন: আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
ফুটেজে দেখা যায়, শনিবার দুপুর ১২টা ৫৭ মিনিটে বিজয় ও ‘চোর’ শিমুল হলের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে। এরপর তারা দুজনে একসঙ্গে হেঁটে ওয়াশরুমে যায়। মাত্র ১ মিনিট পর একসঙ্গেই ওয়াশরুম থেকে ফিরে আসে দু’জন। এরপর ১০২ নং কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় চোরকে ওই কক্ষের সামনে রাখা সাইকেলটি দেখিয়ে দেয় বিজয়।
আবার দুপুর ১টা ১ মিনিট ৪৭ সেকেন্ডে ওই চোরের সঙ্গে দেখা যায় ছাত্রলীগ কর্মী বিজয়কে। ফুটেজে দেখা যায়, তারা দু’জনে হলে প্রবেশ করছেন। এ সময় বিজয় হলের গেস্টরুমে প্রবেশের পর শিমুল সাইকেলে চড়ে বসে এবং সাইকেল চালিয়ে দ্রুত হল থেকে বেরিয়ে যায়। এদিকে আটক শিমুলকে জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে বিজয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে স্বীকার করেছে।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক কাজী জাহিদুর রহমান বলেন,‘ বহিরাগত শিমুল আহমেদকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক সাইকেলটি চুরি করেছে। চুরির পর সাইকেলটিকে এক হাজার ৬০০ টাকায় বিক্রিও করেছে বলে স্বীকার করেছে তারা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’
ইত্তেফাক/এএএম