করোনা ভাইরাস: উহান থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে বিভিন্ন দেশ

উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। আক্রান্ত হয়েছেন অন্তত সাড়ে চার হাজার মানুষ। এ অবস্থায় ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে উহান শহরের বাসিন্দাদের শহরে বাইরে যাওয়া এবং নতুন কেউ শহরে ঢোকার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ফলে চীন ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা সেখানে আটকা পড়েছেন। এ অবস্থায় উহানে অবস্থানরত নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ। খবর রয়টার্স’র

বর্তমানে উহানে ৬৫০ জন জাপানি নাগরিক রয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিটসু মোতেগি বলেছেন, তাদের ফিরিয়ে আনতে মঙ্গলবার রাতে প্রথম ফ্লাইটটি পাঠানো হবে। বুধবারের মধ্যে অতিরিক্ত ফ্লাইট পাঠানোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, চীনের সরকার জাপানি নাগরিকদের নিরাপদে বিমান বন্দরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিমান পাঠাচ্ছে। তবে ফ্লাইট পাঠাতে বুধবার পর্যন্ত সময় লেগে যাতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। 

আগামীকাল বুধবার ফ্রান্স চীনের উহানে একটি বিমান পাঠাবে। যাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই তাদেরকে নিয়ে বৃহস্পতিবার নাগাদ বিমানটি ফ্রান্সে ফিরে যাবে।  বর্তমানে উহানে অন্তত এক হাজার ফরাসি নাগরিক অবস্থান করছেন। 

আরও পড়ুন: করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সি-কিউন মঙ্গলবার জানিয়েছেন, তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে চলতি সপ্তাহেই একটি বিমান পাঠাবে। বিমানটি বৃহস্পতিবার সকাল নাগাদ চীনে পৌঁছাতে পারে। 

এ সকল দেশ ছাড়াও রাশিয়া, কানাডা, ব্রিটেন, মরক্কো, স্পেন, নেদারল্যান্ডস ও মিয়ানমার তাদের নাগরিকদের উহান থেকে দেশে ফিরিয়ে আনতে চীন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

ইত্তেফাক/এসইউ