জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুজিববর্ষ- ২০২০ ডায়েরির মোড়ক উন্মোচন করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে ডায়েরির মোড়ক উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. রাশিদ আসকারী।
ডায়েরি প্রকাশনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কেন্দ্র করে বর্তমান প্রশাসন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষের ডায়েরি প্রকাশ অন্যতম পদক্ষেপ। এবারের ডায়েরি অনেক তথ্যবহুল। এই ডায়েরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবে।
আরও পড়ুন: স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন ইউনিসেফ প্রতিনিধিরা
অনুষ্ঠানে অধ্যাপক ড. জাকারিয়া রহমান এর সভাপতিত্বে এবং রাজিবুল ইসলাম কনকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. মেহের আলী সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/আরআই