এ বছরও ‘আন্তর্জাতিক অটিজম কনফারেন্স-২০২০’ এর আয়োজন করেছে ইন্ডিয়া অটিজম সেন্টার। অটিজম বিষয়ে প্যানেল আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ইভেন্টেরও আয়োজন করা হয় কনফারেন্সটিতে। এর মধ্যে একটি ছিল অটিজম বিষয়ে গবেষণামূলক পোস্টার প্রেজেন্টেশান প্রতিযোগিতা। অটিজম বিষয়ে গবেষণামূলক পোস্টার প্রেজেন্টেশানের এই ইভেন্টের মূল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২টি দল মনোনয়ন পেয়ে অংশগ্রহণ করে। সম্প্রতি ভারতের কলকতার ইমিটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন—বাংলাদেশ’ একটি দল। সেই দলে ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী আলভী আহসান, মুমতাহিনা ফাতিমা, রাইসা নাওয়াল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী মোস্তফা আরাফাত ইসলাম। বিচারকদের রায়ে অন্য সব প্রতিযোগীদের পেছনে ফেলে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে ‘আইএফএমএসএ বাংলাদেশ’-এর দলটি।