ভারতে উত্ত্যক্তকারী ধরতে নতুন পরিকল্পনা

উত্ত্যক্তকারী ধরতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় পুলিশ। সাদা পোশাকে রাস্তায় টহল দিচ্ছেন কলকাতার মানিকতলা থানার মহিলা পুলিশ কর্মীরা। সম্প্রতি কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেছেন তারা। প্রথম দিনেই দুই যুবককে গ্রেফতার করেছে ঐ বাহিনী। এক কর্মকর্তা জানান, আপাতত মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিং মল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা মেইন রোডে বিকেলের পর থেকেই রাস্তায় নেমে পড়ছে ঐ মহিলা পুলিশবাহিনী। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ কর্মীরা। পুলিশ সূত্রে খবর, মহিলা কর্মীরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা। কোনো ব্যক্তি ওই মহিলা কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশকর্মীরা গিয়ে ঐ ব্যক্তিকে আটক করছেন। পরে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে।

ছবি: ইন্টারনেট