মাত্র পাঁচ বছর হলো মিডিয়াতে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী ও উপস্থাপিকা সানজিদা তন্বী। তবে অভিনয় কিংবা উপস্থাপনা দুটোর কোনোটাকেই তন্বী আলাদা হিসেবে দেখতে চান না। দুটোই তিনি দারুণ উপভোগ করেন। তাই নিজেকে দুটির একটি নির্দিষ্ট পরিচয়ে পরিচিত করতে চান না তিনি।
বর্তমানে বৈশাখী টিভিতে একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন তন্বী। আকাশ রঞ্জনের পরিচালনায় ‘রসের হাঁড়ি’ ও ‘বউ-শাশুড়ি’ ধারাবাহিকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া আপাতত আর কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছেন না তিনি। ২০১৪ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ-এ ছিলেন তন্বী। শুরুতেই তিনি দীপংকর দীপনের ‘লাভগুরু ডটকম’ নাটকে অভিনয়ের সুযোগ পান। পরবর্তী সময়ে তিনি গিয়াস উদ্দিন সেলিম, সোলাইমান জয়, শাহনেওয়াজ রিপন, আনোয়ার হোসেন, ইফতেখার ইফতিসহ আরো অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন। উপস্থাপনায় তিনি আলোচনায় আসেন চ্যানেল আইতে প্রচারিত ‘বাংলাবিদ’-এর মধ্য দিয়ে। এমনও দেখা গেছে যে, ‘বাংলাবিদ’ মানেই তন্বীর উপস্থিতি। এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তিনি গর্বিত। এছাড়া বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার চলতি গানের অনুষ্ঠান ‘গোল্ডেন সং’-এর নিয়মিত উপস্থাপক। এর পাশাপাশি ডিবিসি চ্যানেলের ‘খেলা নিয়ে নতুন খেলা’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন তিন মাস ধরে। বরিশালের মেয়ে তন্বী পড়াশোনাতেও দারুণ মেধাবী। অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস রয়েছে তার। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তন্বীর প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও জয়া আহসান।