বছরের শুরুতেই গুণী নাট্যপরিচালক সকাল আহমেদ বৈশাখী টিভির জন্য নতুন ধারাবাহিক নাটক ‘খান বাড়ি বাড়াবাড়ি’র নির্মাণ শুরু করেছেন। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে এর প্রচারও শুরু হবে। এবারই প্রথম এই নাটকে চার তন্বী :মিম চৌধুরী, পারসা ইভানা, কাজল সুবর্ণ ও সামান্তা একসঙ্গে অভিনয় করছেন। নাটকটিতে তাদের কাজ নিয়ে লিখেছেন সাবেরা সুলতানা
অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মিম, ইভানা, কাজল ও সামান্তাকে চার বোনের চরিত্রে কাস্ট করে ‘খান বাড়ি’ ধারাবাহিক নাটকের নির্মাণ শুরু করেছেন নির্মাতা। চারজনই নিজ নিজ চরিত্রে এতটাই ভালো অভিনয় করছেন যে নির্মাতা সকাল আহমেদ সন্তুষ্ট না হয়ে পারেননি। আর নাটকে তাদের বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু।
তমা পরিবারের বড়ো মেয়ে। এই চরিত্রে অভিনয় করছেন মিম চৌধুরী। যেখানে পরিবারের অন্য মেয়েরা বাবাকে ভয় পায়, সেখানে সেই বাবা তার বড়ো মেয়েকে ভয় পায়। নানা হাস্যরসাত্মক গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। এটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। এতে অন্য তিন বোন, অর্থাত্ কণা চরিত্রে অভিনয় করছেন ইভানা, জুঁই চরিত্রে কাজল এবং হেনা চরিত্রে সামান্তা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তমা চরিত্রটিকে পরিচালকের মনের মতোই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ ইভানা বলেন, ‘সকাল ভাই একজন মেধাবী ও গুণী পরিচালক। দীর্ঘদিন পর তার পরিচালনায় কাজ করছি। যেহেতু এখানে আমাদের পাঁচ বোনকে ঘিরে নাটকের গল্প আবর্তিত হচ্ছে, তাই আমরা দারুণ উপভোগ করছি কাজটি।’ কাজল বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি অনেকটাই টম বয়ের মতো। চরিত্রটি নিজের ভেতরে লালন করেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ সামান্তা বলেন, ‘এই নাটকে আমি যাদের সঙ্গে কাজ করছি, প্রত্যেকেই আমার খুব প্রিয়। শুটিংয়ের ফাঁকে ফাঁকে গল্প করতেও দারুণ ভালো লাগছে। তবে যেকোনো একটি দৃশ্য করার আগে সকাল ভাই আমাদের সবাইকে এত চমত্কারভাবে ব্রিফ দেন যে অভিনয়টা প্রাণবন্ত হয়ে ওঠে। আমি খুবই আশাবাদী ধারাবাহিকটি নিয়ে।’ মিম চৌধুরীর মিডিয়াতে সম্পৃক্ততা ঘটে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ রিয়েলিটি শোয়ের প্রথম রানার্স আপ হিসেবে। তার অভিনীত একমাত্র সিনেমা ‘ভালোবাসা এক্সপ্রেস’। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মিম ইংরেজি সাহিত্যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন। সকাল আহমেদের ধারাবাহিকটি ছাড়াও তিনি ইমরান হাওলাদারের ‘লাগ ভেলকি লাগ’ ধারাবাহিকেও অভিনয় করছেন। ইভানা অভিনীত প্রথম নাটক অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’, কাজলের প্রথম নাটক ‘অপরাজিতা’ এবং সামান্তার প্রথম নাটক সকাল আহমেদ পরিচালিত ‘থার্ড আই’। এদিকে সকাল আহমেদ পরিচালিত ‘ভদ্রপাড়া’ ধারাবাহিকটিও একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে।