উত্তাপ ছড়িয়ে আলোচনায়

‘মালাঙ্গ’ মুক্তি পেতে আরো এক সপ্তাহ বাকি। সিনেমাটি মুক্তির আগেই নায়িকা দিশা পাটানিকে নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গেছে। এর একটি গানের দৃশ্যে টু পিস রেড বিকিনি পরে পর্দায় উপস্থিত হবেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যে টিভি চ্যানেল ও ইউটিউবে গানটি প্রকাশের পর দিশার খোলামেলা উপস্থিতি ভীষণ আলোড়ন তুলেছে। বলা যায়, এই শীতেও দারুণ উত্তাপ ছড়াচ্ছেন দিশা। একসময় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, শেষ পর্যন্ত থিতু হয়েছেন সিনেমায়। ২৭ বছর বয়সী দিশা এখন বলিউডের নতুন সেনসেশন হিসেবে বিবেচিত হচ্ছেন। ২০১৫ সালে দক্ষিণী সিনেমায় নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয়েছিল। তেলেগু সিনেমা ‘লোফার’-এ ইচ্ছের বিরুদ্ধে বিয়ের পিঁড়িতে বসা এক তরুণীর ভূমিকায় চমত্কার অভিনয়ের সুবাদে প্রথমবার দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। বলিউডে তার অভিষেক হয়েছিল ‘এমএস ধোনি :দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে। এ সিনেমায় দিশাকে দেখা যায় বিখ্যাত ক্রিকেটার ধোনির প্রেমিকা প্রিয়ার ভূমিকায়, যিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছিলেন। সুপারহিট এই বায়োপিকে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তার চমত্কার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। একই সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। প্রায় একই সময়ে মিউজিক ভিডিও ‘বেফিকরে’-তে টাইগার শ্রফের সঙ্গে দিশার প্রাণবন্ত পারফরম্যান্স আলোড়ন তোলে। টাইগার স্রফের প্রেমিকা হিসেবেও মিডিয়ার আলাদা নজর কেড়েছেন তিনি শুরু থেকেই। টাইগারের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন ‘বাগি টু’তে। অ্যাকশন থ্রিলার ধাঁচের হলেও রোমান্টিক ইমেজে এ সিনেমায় দিশা উপস্থিত হন। সুপারহিট সিনেমাটি তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে, সন্দেহ নেই! এবার ‘মালাঙ্গ’র মাধ্যমে দর্শকদের সামনে আবার উপস্থিত হবেন তিনি। মোহিত সুরি পরিচালিত এ সিনেমায় তার নায়ক আদিত্য রায় কাপুর। আর এতে খলনায়ক হিসেবে রিতেশ দেশমুখ আসছেন ভয়ংকর রূপ নিয়ে। সব মিলিয়ে এ সিনেমা দিয়ে দিশা পাটানি নতুনভাবে আলোড়ন তুলবেন, এমন ধারণা বলিউড বিশেষজ্ঞদের। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাওত, আলিয়া ভাট, সোনাক্ষি সিনহা, শ্রদ্ধা কাপুরের পর এখন বলিউডে চাহিদাসম্পন্ন যেসব নায়িকার নাম উঠে এসেছে দিশা পাটানি তাদের অন্যতম। যার প্রমাণ, সুপারস্টার সালমান খান তাকে বিশেষভাবে পছন্দ করছেন। সালমান ‘ভারত’ সিনেমায় ক্যাটরিনা কাইফের পাশে দিশাকে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে কাস্ট করেছেন নিজ আগ্রহে। এখানেই শেষ নয়, তার আগামী সিনেমা ‘রাধে’-তে প্রধান নায়িকারূপে দেখা যাবে দিশাকে। ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়াল ‘রাধে’-তে সালমানের নায়িকা হওয়াটা দিশার বড়ো একটি অর্জন হিসেবে বিবেচনা করা যায়। তিনিও সুযোগটি কাজে লাগাতে বেশ সচেষ্ট রয়েছেন। এর বাইরে ‘কেটিনা’ নামের আরো একটি নতুন সিনেমায় কাজ শুরু করেছেন। একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিশা। সব মিলিয়ে বলিউডে সম্ভাবনাময় নায়িকাদের কাতারে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি।