আন্তর্জাতিক কাস্টম দিবসে বেনাপোল কাস্টম হাউস ক্লাবে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় মনোমুগ্ধকর পরিবেশে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী লুইপা ও লিজা। এ সময় নৃত্য পরিবেশন করে সৃজান ও তার দল।
বেনাপোল কাস্টম হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ পালিত হয়েছে। বিশ্বের ১৮২ দেশের ন্যায় দেশের বৃহত্তম কাস্টম হাউস বেনাপোলেও দিবসটি পালিত হয়। দিবসটি পালনের লক্ষ্যে দিনব্যাপী নেওয়া হয় নানা কর্মসূচি। প্ল্যাকার্ড, ফেস্টুন, বেলুন আর নানা সাজসজ্জায় বেনাপোলকে সাজানো হয় বর্ণিল সাজে।
সকালে কোরআন তেলাওয়াত ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ফেস্টুন, কবুতর আর বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মেফতাহ উদ্দিন খান, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, যুগ্ম-কমিশনার শহীদুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, আলহাজ্ব নুরুজ্জামান, শামছুর রহমান প্রমুখ। র্যালিতে কাস্টমস কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
পরে কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে কাস্টমস হাউসে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন খান, এমপি।
প্রধান অতিথি এ সময় বলেন, ‘বাংলাদেশের অকৃত্তিম বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত। দু-দেশের সরকারের মধ্যে চমত্কার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার লক্ষ্যে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিশ্বের মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কাস্টম হাউস যাতে আরো উন্নত হয় সেজন্য সরকারের চেষ্টা রয়েছে। দেশের সকল কাস্টম হাউসকে আরো আধুনিক করা হবে।’ সরকার যাতে বিশ্বমানের কাস্টম সেবা প্রদান করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি করে সরকারের অর্থনৈতিক হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম-কমিশনার শহীদুল ইসলাম এবং মূল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার কাজী মুর্শিদা।