বাফুফের ম্যানেজমেন্ট স্কিল জিরো: রুহুল আমিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ম্যানেজমেন্ট কমিটির স্কিল নিয়ে প্রশ্ন তুলে বাফুফের ম্যানেজমেন্ট স্কিল জিরো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন। 

বুধবার ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে (বিএসজেএ) এসব কথা বলেন রুহুল আমিন। 

তরফদার মো. রুহুল আমিন বলেন, ১২ বছর বাফুফের মসনদে কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি হিসেবে এতদিন ক্ষমতায় থেকেও ফুটবলে উন্নতি করতে পারেননি। ফুটবলের ১৪২-১৪৩ র‌্যাংকিং থাকা অবস্থায় ক্ষমতায় বসেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। সেই ফুটবলকে গেল ১২ বছরের শুধু নিচেই নামিয়েছেন। বর্তমান র‌্যাংকিং এখন ১৮৭- তে। সঠিক পরিকল্পনার অভাবেই ফুটবল ঠিকঠাক এগোয়নি, ফুটবলে একটা শক্ত কাঠামো তৈরি হয়নি, ভিত মজবুত হয়নি ।

তিনি  বলেন, ফুটবলের স্ট্রাকচার ঠিক করা হয়নি। বাফুফের ম্যানেজমেন্ট স্কিলটা ভালো না। স্ট্রাকচার ঠিক নাই। এটা ঠিক করতে হলে তৃণমূল থেকে ফুটবলার তৈরি করে আনতে হবে। তৃণমূল ফুটবল বলতে স্কুল লেভেল থেকে তা চালু করতে হবে; উপজেলা লেভেল পর্যন্ত যেতে হবে। সোহরাওয়ার্দী কাপটা আবারও চালু করতে হবে। 

তিনি আরও বলেন, কেন আমরা সাফে চ্যাম্পিয়ন হতে পারছি না; এশিয়ান লেভেলে কেন একটা জায়গা তৈরি করতে পারিনি। সাফের খবর নাই, এশিয়ার খবর নেই। আমরা স্বপ্ন দেখি ২০২২ বিশ্বকাপ খেলব। এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হলে পরিবর্তন দরকার। 

আরও পড়ুন: বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান কাটছে সরকারি গাছ

বিএসজেএসর আমন্ত্রণে সংগঠনটি পরিদর্শনে আসেন রুহুল আমিন। এ সময় বিএসজেএর সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনী, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হক, মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


ইত্তেফাক/আরআই