দুজনের সাফল্যগাথা

কী রেখেছো ওই বসনের আড়ালে

আমার সকাল থেকে সন্ধ্যা

ঘুমন্ত রজনী অথবা নির্ঘুম রাত—

প্রতিটি মুহূর্ত ব্যাপে আরাধনার সফল চিন্তার ফাঁকে

সে এসে হাত পেতে বসে থাকে

আমি ছাড়া তার সবই নাকি অর্থহীন

 

আমিও তো সেরকম ভাবি—আমার ভাবনার

জটিল সমীকরণ ধীরে ধীরে সারল্য প্রবাহে যোগ দেয়

মিছিলে যোগ দেওয়া দাবি আদায়কারীর মতন প্রকট সমর্থনে

বার বার উচ্চারিত হয়—

পৃথিবীতে আমরা নাকি দুজন

যারা ছাড়া অর্থহীন বিষয় বৈভব—সমূহ ঐশ্বর্য

এমন কি ক্ষমতার স্বল্পকালীন সিংহাসনও

 

আমার পঞ্চইন্দ্রিয় এবং ষড়রিপু লাইন ধরে দাঁড়িয়ে আছে

আজীবন দাঁড়িয়ে থাকবে রহস্যভেদের এই প্রতিযোগিতায়

আমি পূর্বাহ্নেই টের পেয়ে গেছি আড়ালের যত ধন

দুজনকে ভাগ করে দিয়েছো উদার এই ভূমি

ভেবে ভেবে আমার দিনের শেষে রাত্রি আসে

                      কী মহান কারিগর তুমি!