‘স্কুল কেবিনেট নির্বাচন আমাদের জন্যেই’

গত ২৫ জানুয়ারি শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীদের স্কুল কেবিনেট নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ সহিষ্ণুতা শেখাতেই স্কুল কেবিনেট নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্বের পাশাপাশি শিক্ষকদের নানা কাজেও সহায়তা করবে। এ বছর স্কুল কেবিনেট নির্বাচনে মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ৩১ হাজার ৭২টি এবং মাদ্রাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটারসংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাসেন্ড্রা প্রিসিলা গমেজ ঢাকার বটমলী হোমস বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির একজন প্রার্থী। ভোট গ্রহণের পর কথা বলি ওর সঙ্গে। জিতলে কী কী করবে আর হেরে গেলে কী করবে জানতে চাইলে ক্যাসেন্ড্রা বলে, ‘স্কুল কেবিনেট নির্বাচন তো আমাদের জন্যেই। হেরে গেলে কষ্ট পাব না। যে জিতবে তার সাথে সবাই মিলে কাজ করব স্কুলের জন্যে। আর জিতলে তো অনেক দায়িত্ব। জিতলে কী কী করব তা নিয়ে বন্ধুদের কিছু লিখিত প্রতিশ্রুতি দিয়েছি। সেগুলো পালন করব।’ ক্যাসেন্ড্রা প্রিসিলা গমেজ লেখাপড়ার পাশাপাশি ড্রয়িং করে, গান করে আর গিটার বাজায়। ক্যাসেন্ড্রা নির্বাচনে জয়ী হয়েছে।

বটমলী হোমস বালিকা বিদ্যালয়ের অন্য এক প্রার্থী ফারিহা আহসান অভ্র স্কুল কেবিনেটের নির্বাচন নিয়ে বলে, ‘বন্ধুদের ইচ্ছেতেই আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। ভোট দিতে গিয়ে আমার চেয়ে যাকে ভালো মনে করেছি তাকে ভোট দিয়েছি। ওদের চেয়ে কম ভোট পেয়েছি বলে মন খারাপ নয়, আমরা সকলেই স্কুলকে ভালোবাসি এবং একসাথেই স্কুলের জন্যে কাজ করব। একজন প্রার্থী হয়ে নিজের ভোট প্রদান করতে পেরে আমি খুব খুশি।’ পড়াশোনার পাশাপাশি অভ্র আর্ট শিখছে। আর্টের সাথে সে গল্প লেখে জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে।

সাদিয়া আমির নীরা নোয়াখালী সরকারি গার্লস স্কুলের একজন প্রার্থী। সাদিয়া এবার ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। এবারই প্রথম স্কুল কেবিনেট নির্বাচনে অংশ নেয় সে। নির্বাচনে জয়ী হয়েছে সে। নির্বাচন নিয়ে সাদিয়া বলে, ‘এখন আমাদের সুবিধা-অসুবিধাগুলো আমরা বলতে পারব। স্কুলের শিক্ষকদের সাথে আমরাও কাজ করতে পারব। স্কুলকে সহযোগিতা করার জন্য আমি নির্বাচন করেছি। আমি খুবই আনন্দিত ভোট দিতে পেরে।’ পড়াশোনার পাশাপাশি সাদিয়া গান শেখে।

রাইসা নানজীবা বটমলী হোমস বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। রাইসা ২০২০ সালের স্কুল কেবিনেট নির্বাচনের একজন প্রার্থী। ফলাফল প্রকাশের পর কথা হয় ওর সাথে। নির্বাচন নিয়ে রাইসা বলে, ‘সময় পেলেই আমি ক্লাসের দুর্বল বন্ধুদের পড়া বোঝাতে সহায়তা করি, এটা আমার বেশ ভালো লাগে। নির্বাচনে জয়ী হবার পর দায়িত্ব অনেক বেড়েছে। স্কুলের জন্যে কাজ করব, শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলব। স্কুলের সুনাম হয় সে সব কাজ করব। আশপাশে অনেক স্কুল আছে, অন্য স্কুলের ভালো বিষয়গুলো আমরা অনুসরণ করব।’ পড়াশোনার পাশাপাশি রাইসা নানজীবা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, দাবা খেলে।  সে অলিম্পিয়াড প্রতিযোগিতার জন্যে প্রস্তুতি নিচ্ছে।