তুমি আমার পড়শি বাড়ি বেলিফুলের মালা
বইয়ের ভেতর টুকরো চিঠি মনদুয়ারে তালা
এক পলকে মেঘবুড়ি আর রৌদ্র ঝিলিমিলি
আয়রে আমার ছেলেবেলা উস্কো চুলের বিলি
আয়নাচোখে হাসির ঝলক খড়ভেজানো পালা
তুমি আমার পড়শি বাড়ি বেলিফুলের মালা
আধলা ঢেলার ভেতর দিয়ে সন্ধ্যা হলে ঘন
তেল মেশানো আগুনবলে থাকত ডুবে মনও
লাটিম লাটিম দুপুরগুলো উঠোনজুড়ে ছিল
যাচ্ছি খুঁজে ছেলেবেলা শামুক ভরা বিলও।
খামখেয়ালি পাখি ডাকে—কুঁড়েঘরের চালা
তুমি আমার পড়শি বাড়ি বেলিফুলের মালা
চুপচুপানো শিশির হয়ে গমের খেতে হাঁটা
আঙুলেরই কান্না শুনে থামত না আর পা-টা
পাতলা জামায় আঁকড়ে থাকা শীর্ণ দেহখানি
আয়রে ফিরে ছেলেবেলা মায়ের সে জামদানি
হিম শীতলে চুলার কিনার আগুন হবার জ্বালা
সবই আমার পড়শি বাড়ি বেলিফুলের মালা