ঝিকিমিকি রুপোর সিকি একটা যদি পেতাম,
ঘোড়ায় চড়ে হয়তো আমি অনেক দূরে যেতাম।
অনেক দূরে অচিনপুরে মেঘ যেখানে থামে,
কিনে নিতাম মেঘের গুঁড়ো অল্পকিছু দামে।
সিঁদুর রঙের মেঘগুলো যে অনেকদিনের চেনা,
ঝিকিমিকি একটা সিকি পেলেই যেত কেনা।
কিনে নিয়ে ছুটে যেতাম শ্বেতপাহাড়ের চুড়োয়,
গাছগাছালি যেখান থেকে ভালোবাসা কুড়োয়।
খানিক গিয়ে দেখবো যখন সিঁড়ির পরে সিঁড়ি,
বুঝে নেবো এসে গেছি এখন বিরিশিরি।
বিরিশিরি তিরিতিরি স্বচ্ছজলের ধারা,
দেখে হূদয় আকুল-বিকুল মন যে পাগলপারা।
ইচ্ছে হলে আমার সাথে তুমিও যেতে পারো,
দেখতে পাবে সোমেশ্বরী, ঐ যে পাহাড় গারো।
এসব দেখে রূপের সুধা পরান ভরে নিও,
তার বিনিময় আমায় শুধু একটা সিকি দিও।