সূর্যের চেয়ে বেশি বয়সী পদার্থ ‘কিউরিয়াস ম্যারি’ এর সন্ধান মিলেছিল আগেই। তবে এই পদার্থের গঠন নিয়ে কোন ধারণাই ছিল না বিজ্ঞানীদের। সম্প্রতি সাড়ে ৫শ কোটি বছর আগের এই পদার্থের রহস্য উদঘাটিত হয়েছে।
১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে উত্তর মেক্সিকোতে আছড়ে পড়ে উল্কাপিণ্ড ‘অ্যালেন্দে’। এর খাঁদ থেকে বিজ্ঞানীরা কুড়িয়ে পান এক আজব পদার্থ। কিন্তু সেটি আদতে কী, তা কী দিয়ে তৈরি, এত দিন জানা সম্ভব হয়নি। আর তাই ওই পদার্থটির নাম দেওয়া হয়েছিল ‘কিউরিয়াস ম্যারি’। দু’বার নোবেল পুরস্কারজয়ী রসায়নবিদ ম্যারি কুরির স্মরণে এ নামকরণ।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পদার্থটি নিয়ে করা একটি গবেষণার ফলাফলে জানা গেছে, আজব এই পদার্থটি আসলে ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম ধাতুর একটি যৌগ। আর তার মধ্যে রয়েছে সিলিকন ও কার্বনের একটি যৌগ- সিলিকন কার্বাইড। যা রয়েছে আদ্যোপান্ত কঠিন অবস্থায়। ব্রহ্মাণ্ডে যার সৃষ্টি হয়েছিল সূর্যেরও জন্মের আগে। আজ থেকে অন্তত ৫০০-৫৫০ কোটি বছর আগে।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ব্রহ্মাণ্ডের যে সময়ে ওই কঠিন পদার্থের সৃষ্টি হয়েছিল, সেই সময় এর পক্ষে বেশি ক্ষণ কঠিন অবস্থায় থাকা সম্ভব ছিল না। কারণ, ব্রহ্মাণ্ডের তাপমাত্রা তখন এত বেশি ছিল যে ওই তাপমাত্রায় যে কোনো কঠিন পদার্থই গলে যাওয়ার কথা।
আরও পড়ুন: পাকিস্তানকে পরাজিত করতে ৭-১০ দিন লাগবে: মোদি
মূল গবেষক প্রাভদিভ্তসেভার বলেন, ‘আমাদের সূর্যের জন্মের আগে নেবুলার কোনও কোনও জায়গায় হয়তো এমন তাপমাত্রা ছিল, যাতে সিলিকন কার্বাইডের মতো কঠিন পদার্থ সৃষ্টির পর তা কয়েকশো কোটি বছর ধরে স্থায়ী হতে পারে। এর মানে, সূর্যের জন্মের আগে যে কঠিন পদার্থগুলোর জন্ম হয়েছিল, তাদের সকলেই প্রচণ্ড তাপমাত্রায় গলে বা বাষ্পীভূত হয়ে যায়নি।’ সূত্র-আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/এসইউ