ফরিদপুরের চরভদ্রাসনে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে না পাওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে সড়কে অবরোধ। এসময় জাকেরেরশুরা সড়কে স্কুল সংলগ্ন রাস্তায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা প্রধান শিক্ষক লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক সোহেলা রানার বিচারের দাবি করেন। পরে ইউএনও’র হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করা হয়।
প্রবেশপত্রের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেএম ওবায়দুল বারী দিপু বলেন, ৪৪ জন শিক্ষার্থীর প্রবেশপত্রের মধ্যে গতকাল বৃহস্পতিবার শিক্ষাবোর্ড থেকে ৩৬ জনের প্রবেশপত্র তারা হাতে পেয়েছেন। কিন্তু ৮ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আনা সম্ভব হয় নাই। এদের মধ্যে ৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ভুয়া। তারা হচ্ছে- রিমন, হাসান, আকাশ, ফাহাদ, নাফিজা, শেখ সাদিয়া। তাদের ভুয়া রেজিস্ট্রেশন কার্ড আইসিটি শিক্ষক সোহেল রানা সরবরাহ করেছে। প্রবেশপত্র না পাওয়া অপর দুই শিক্ষার্থীর মধ্যে সাথী আক্তারের রেজিস্ট্রেশন থাকলেও টপ লিস্টে নাম নাই। অপরজন ঋতুপর্ণা পাশ করেছে ও টপলিস্টে নাম আছে। কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নেই বলে প্রবেশপত্র পায়নি। তবে সাথী ও ঋতুপর্ণার কাগজপত্র দিয়ে বোর্ডে লোক পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রায়গঞ্জে এবার দ্বিগুণ পেঁয়াজের চাষ
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রবেশপত্র না পাওয়া ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় যাতে অংশ নিতে পারে তার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, ওই বিদ্যালয়ের অভিযুক্ত দুই শিক্ষক ৪৪ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম ফিলাপের টাকা নিয়ে সময়মত টাকা জমা না দেওয়া ও অষ্টম শ্রেণিতে পাশ না করা ছয়জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষা দেওয়ার নামে মিথ্যা আশ্বাসে ও ভুয়া রেজিস্ট্রেশন সরবরাহ করায় প্রবেশপত্র পেতে জটিলতা তৈরি হয় শিক্ষার্থীদের।
ইত্তেফাক/এসি