পাকিস্তানকে হুংকার দিয়ে রাখলেন তামিম-মুমিনুল

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আগে প্রতিপক্ষকে হুংকার দিয়ে রাখলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক।  অন্যদিকে,  প্রথম দিন বোলিংয়েও নিজেদের জাত চিনিয়েছেন শফিউল-তাইজুলরা।  প্রথম দিন বিসিবির দক্ষিণাঞ্চলের হয়ে আরেক সেঞ্চুরিয়ান ফজলে রাব্বি। 

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের পূর্বাঞ্চলের হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। ২৮১ বল খেলে ডাবল সেঞ্চুরি তুলে নেন তামিম। অন্যদিকে তার সঙ্গী মুমিনুল হকও তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৯৪ বল খেলে ১২ চার ও ১ ছয়ে ১১১ রানে আউট হন তিনি। এই দুজনের ব্যাটে ভর করে মধ্যাঞ্চলের বিপক্ষে বড় রানের লিডের দিকে এগোচ্ছে পূর্বাঞ্চল।

এদিকে, প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২১৩ রানেই গুটিয়ে গিয়েছিল মধ্যাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছিলেন সাইফ হাসান। তবে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছিলেন  পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম।

জবাবে স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই প্রথমদিনের খেলা শেষ করে পূর্বাঞ্চল। দ্বিতীয় দিনের খেলার শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকেন ওপেনার তামিম। পিনাক ঘোষের সঙ্গে তার ওপেনিং জুটিতে আসে ৬২ রান। এরপর মুমিনুলের সঙ্গে জুটি করে তামিমের ব্যাট আরও আগ্রাসী হয়ে ওঠে।

মধ্যাহ্ন বিরতির পর তামিম তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৬তম সেঞ্চুরি। তবে এখানেই থেমে থাকেননি তামিম। ব্যাট চালিয়ে ১৫তম সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন জাতীয় দলের এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্য ন্ত তামিম ইকবাল  ২৮১ বলে ৩০টি চারে তার সংগ্রহ ২২২ রান। তামিমের ডাবল সেঞ্চুরির পরপরই প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। 

ইত্তেফাক/এসআই