স্বামীকে সঙ্গে নিয়ে সুসংবাদ দিলেন অভিনেত্রী কোয়েল

বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলাখুলি আলোচনা করেন না অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিং রানের সঙ্গে তার বৈবাহিক জীবনও পাপারাজ্জিদের ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে পরিবারে নতুন অতিথি আসার সুসংবাদ লুকিয়ে রাখেননি তিনি। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি মা হতে চলেছেন কোয়েল।

শনিবার সকালেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে মা হওয়ার এই সুখবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মা হওয়ার আনন্দ। স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি পোস্টকার্ড সাইজের ছবি দিয়েছেন। আর সেই ছবিতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দিলেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে।

ইনস্টাগ্রামে নিসপালের সঙ্গে ছবি শেয়ার করে কোয়েল জানালেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।’ পাশাপাশি কবে সেই অপেক্ষার অবসান ঘটছে, সেখবরও জানিয়েছেন কোয়েল। ওই পোস্টেই লিখেছেন, ‘এই গ্রীষ্মেই আসতে চলেছে সে।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel) on Jan 31, 2020 at 9:38pm PST

যে কোনও মেয়ের ক্ষেত্রেই নিঃসন্দেহে মা হওয়ার আবেগ সবথেকে সুখকর। তাই অনুরাগীরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনেত্রীকে নিজের যত্ন নেওয়ার পরামর্শও দিয়েছেন। কোয়েলের ভবানীপুরের বাড়িতেও খুশির হাওয়া। কারণ, মা হতে চলেছেন বাড়ির আদুরে মেয়ে। টলিউডের অন্দরেও স্বাভাবিকবশত সেই আনন্দ। দাদু হতে চলেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। কোয়েলকেও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরা।

প্রসঙ্গত, পূজার সময় মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’। অরিন্দম শীল পরিচালিত যে ছবিতে তাকে মহিলা গোয়েন্দার চরিত্রে দেখা গিয়েছিল। অভিনয় তো বটেই, পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। তারপরই গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছে ‘সাগরদ্বীপের যকের ধন’। তবে কোয়েল যে সংসার সামলে খুব পারদর্শীতার সঙ্গে কেরিয়ারও সামলাচ্ছেন, সেকথা একবাক্যে স্বীকার করেন নেন অভিনেত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিরা। তাই তো হাসিখুশি, সহজেই সবার সঙ্গে মিশে যাওয়া বঙ্গকন্যার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে।

ইত্তেফাক/বিএএফ