হঠাৎ তারিখ পরিবর্তন হওয়ায় ভোটার উপস্থিতি কম: আমু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচন সমন্বয় কমিটির প্রধান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমাদের মনে হয় হঠাৎ করে ভোটের তারিখ পরিবর্তন হওয়ায় এবং পরপর কয়েকদিন বন্ধ থাকার কারণে ভোটার সংখ্যা কম হয়েছে। 

শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতা আমির হোসেন আমু এসব কথা বলেন। তিনি বলেন, পরপর কয়েকদিন বন্ধ থাকায় অনেক ভোটার মফস্বলে চলে গেছেন। এখন ঢাকা সিটি অনেক ভোটারের বাড়ি কিন্তু গ্রামে । তারা হয়তো আসতে পারেনি। 

তিনি বলেন, আজকে যানবাহনের যেহেতু সমস্যা ছিল , সেকারণেও অনেকে আসতে পারেনি। অনেক বুড়া মানুষ, অনেকে অসুস্থ তারা ভোট কেন্দ্রে যেতে পারে নি। যারা রিকশায় চলাচল করতে অসুবিধা বোধ করেন তারা অনেকেই ভোট কেন্দ্রে আসতে পারেনি। আমাদের অনেকেই ভোটার আনতে গিয়ে দেখেছে, ভোটাররা আসছে আসছে বলে আর আসছে না। আমার কথা হচ্ছে আজকে তারপরেও অনেক ভোট পড়েছে।

আরও পড়ুন: টেকনিশিয়ান দিয়ে ইভিএম খুলে ভোট নিয়েছে আ’লীগ: ফখরুল

আওয়ামী লীগ নেতা আমু বলেন, ইভিএম সম্পর্কে এর আগে একটা আতংক প্রচার করা হয়েছিল । আজকে ইভিএমে ভোট দিয়ে সে আতঙ্ক দূর হয়েছে। ইভিএম এ ভোট দিতে যে কোন অসুবিধা নেই, বুঝিয়ে দিলে বা বুঝাতে পারলে ভোটদাতারা ভোট দিতে পারে সেটি আজকে পরিষ্কার হয়েছে।

ইত্তেফাক/আরআই