সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মদ খেয়ে প্রাইভেট কার চালানোর সময় ওই গাড়ির চাকায়পৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন হৃদয় সাহা (২২) নামে এক কলেজ ছাত্র । নিহত হৃদয় পৌরসভার ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে এবং চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী।
শনিবার রাত ৯টার দিকে পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় হৃদয় পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় মদপান করে ফজলুল হক তার প্রাইভেট কার চালিয়ে ওই পথে যাবার সময় হৃদয়কে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে সজরে আঘাত করলে খুঁটিটি ভেঙে যায়। এতে চালক ফজলুল হকও আহত হন। পরে পুলিশ ফজলুল হককে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: বাসচাপায় মা মেয়েসহ তিনজনের মৃত্যু
উল্লাপাড়া মডেল থানার ওসি (অপারেশন) গোলাম মোস্তফা জানান, গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৮-২৭০২) চালানোর সময় ফজলুল হক (৩৫) মদ্যপান করে মাতাল অবস্থায় ছিলেন। ফজলুল হকের বাড়ি পিরোজপুরে। তিনি উল্লাপাড়ায় থাকেন। নিহত হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/আরআই