অন্ধকারে তিন বন্যহাতির পায়ের তলায় রিকশাচালক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে জহুরলাল দেব প্রকাশ কালাবাঁসি (৩৩) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত জহুর লাল দেব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রাজ চন্দ্র দেবের ছেলে। পেশায় তিনি রিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনটি হাতি পাহাড় থেকে নেমে জহরলালের বাড়ির সামনে আলুক্ষেতে দাঁড়িয়ে ছিল। তিনি বিষয়টি অন্ধকারে টের না পেয়ে হাতির খুব কাছে চলে যান। কাছে পেয়ে হাতির দল তার ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ঝরা পাতায় হাসিমুখ সালেহা মালেকাদের

জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ইদানিং বন্যহাতি লোকালয়ে বারবার আক্রমণ করছে। নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বন্য হাতির আক্রমণে নিহত জহুর লাল দেবের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেছি।

ইত্তেফাক/এসি