চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ব্যবসায়ীর ১২ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় স্বপন আলী (৪০) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২ হাজার ৪৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখার অপরাধে স্বপনকে এই সাজা দেয়া হয়।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত স্বপন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত মমিন উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : দেশের প্রতিটি থানা হবে জনগণের আস্থার জায়গা : আইজিপি

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সারের ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট চত্বরের ভূমি অফিস এলাকায় সড়কের উপর অভিযান চালায় র্যা ব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। অভিযানে স্বপন আলীর দেহ তল্লাশি করে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া গেলে অটোবাইক চালক স্বপনকে অটোবাইকসহ গ্রেফতার করা হয় ।

এ ঘটনায় ওইদিন সদর থানায় স্বপনকে একমাত্র আসামি করে মামলা করেন র্যা বের তৎকালীন উপ-পরিদর্শক ঠাকুর দাস রায়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক রনি সাহা ২০১৮ সালের ১৯ মার্চ আদালতে স্বপনকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

৮ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত স্বপনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা।

ইত্তেফাক/এমআরএম