চকোলেটের বাড়ি!

 

চকোলেটের বাড়ি, চকোলেটের শহর কিংবা চকোলেটময় একটা পৃথিবী। চকোলেটপ্রেমীরা নিশ্চয় এমন স্বপ্ন দেখেছেন! এবার এই স্বপ্ন বাস্তব হয়েছে। ফ্রান্সে একটি কটেজ তৈরি হয়েছে সম্পূর্ণ চকোলেট দিয়ে। প্যারিসের দক্ষিণ-পশ্চিম শহরতলিতে অবস্থিত সেভরেস অঞ্চলে এই চকোলেট কটেজটি নির্মিত হয়েছে। শিল্পীর নাম জ্যঁ লুক দেক্লুজিউ। চকোলেট দিয়ে নানা শিল্পকর্মের জন্য এরইমধ্যে বিখ্যাত তিনি।

কটেজটি সম্পূর্ণ চকোলেট দিয়ে নির্মিত। ছাদ, মেঝে, ফায়ার প্লেস, ঘড়ি, বই এমনকি ঝাড়বাতি পর্যন্ত চকোলেট দিয়ে বানানো। বাড়িতে ফুল আর পুকুরটিও চকোলেট দিয়ে তৈরি করা! যা আপনার চকোলেটি ভুবনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। এই চকোলেট কটেজে যদি আপনি অতিথি হিসেবে রাত্রিযাপন করেন তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন একটি কর্মশালায়। যেখানে আপনি চকোলেট সম্পর্কে অনেককিছুই জানতে পারবেন।

যাই হোক, চকোলেট কুটিরে থাকতে চাইলে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটি মোট ২ রাতের জন্য অতিথিদের জন্য উন্মুক্ত করা হয়। এখানে রাত্রিযাপনের জন্য আপনাকে খরচ করতে হবে ৫০ ইউরো!