ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ-উন-নবী ও কোতোয়ালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলী কুটু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের কৈজুরী ইউনিয়নে তুলাগ্রামে ফরিদপুর-৩ আসনের এক নির্বাচনী জনসভায় সংসদ সদস্য প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে কয়েক’শ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এই দুই নেতা।
এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রউফ-উন-নবী নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, ৬২ বছরের জীবনে ৪০ বছর বিএনপি করেছি। কিন্তু জীবনের শেষ সময়ে এসে মনে হচ্ছে ভুল করেছি। গত ১০ বছর ফরিদপুরের বিভিন্ন উন্নয়নে ও খন্দকার মোশাররফ হোসেনের কর্মকাণ্ডে খুশি হয়ে আওয়ামী লীগে যোগদান করলাম। মরার আগ পর্যন্ত এই দলের একজন কর্মী হয়ে বেঁচে থাকতে চাই।
কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার হোসেন ইকু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি