চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা অপর চিকিৎসকের

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ানকে (৪০) তার সাবেক সহকর্মী ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় ডা. উত্তম কুমার দেওয়ানকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) মহাসিন গাজীকে ধারালো ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

অভিযুক্ত মহাসিন গাজী পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে। তিনি বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক কর্মরত মহাসিন গাজী পূর্ব শত্রুতার জের ধরে ডা. উত্তম কুমার দেওয়ানের কক্ষে প্রবেশ করে তার চোখের ওপর, মাথায় ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় ডা. উত্তম দেওয়ানের আর্তচিৎকারে হাসপাতালের কর্মচারীরা এগিয়ে এসে ছুরিসহ মহাসিন গাজীকে আটক করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে গ্রেফতার করে। 

আটককৃত চিকিৎসক মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কুমার কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা আগত রোগীদের চিকিৎসা না দিয়ে মহসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাতো। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন। 

আরো পড়ুন: সিটি নির্বাচনের মাহাত্ম্য নষ্ট করতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ঢাবি প্রক্টর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. এস এম কামাল হোসেন জানান, গত বছরের আগস্ট মাসে মহাসিন গাজী ডা. উত্তম কুমার দেওয়ানকে একবার ছুরিকাঘাতের চেষ্টা করেছিল। পরে তিনি এই হাসপাতালে যোগদান করার পর মহাসিন গাজীকে নড়াইল সদর হাসপাতালে বদলি করা হয়। তারপর থেকে সে আমাকেসহ অন্যান্য ডাক্তারদের হুমকি দিয়ে আসছিল। 

তিনি জানান, ডা. উত্তম কুমার দেওয়ানের চোখের ওপর, মাথায় ও হাতে মহাসিন গাজী ছুরিকাঘাত করেছে। এছাড়া তার পায়ে টুল দিয়ে আঘাত করেছে। তিনি বলেন, ‘তার আর্তচিৎকারে আমরা এই ঘটনার সঙ্গে সঙ্গে আহত ডাক্তারকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে খুমেক হাসপাতালে প্রেরণ করেছি। একই সঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে ছুরিসহ হাসপাতালের একটি কক্ষে আটকে রেখে পরে পুলিশে সোপর্দ করেছি। ছুরিকাঘাতের ঘটনায় আমি বাদী হয়ে ফুলতলা থানায় মহাসিন গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘আমি আহত ডা. উত্তম কুমার দেওয়ানকে খুমেক হাসপাতালে দেখতে আসছি। বিস্তারিত বিষয় এখন পর্যন্ত জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’ পরে সিভিল সাজন ডা. সুজাত আহমেদকে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে মহাসিন গাজীকে গ্রেফতার করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম