করোনাভাইরাস: এবার হংকংয়ে একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের বাইরে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। মঙ্গলবার হংকং কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছেন। 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হংকংয়ে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির বয়স ৩৯। তিনি চীনের উহান শহরের বাসিন্দা। তবে ওই ব্যক্তির বিষয়ে আর বিস্তারিত বলা হয়নি। 

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে ফিলিপাইনে একজন মারা যান। তিনিও উহান শহরের বাসিন্দা ছিলেন।  

 চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪ শত ৩৮ জন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর