টানা তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৪-১ গোলে হারিয়ে চারবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।
আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় সান্তিয়াগো সোলারির দল। গোল করে দলকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। রিয়ালের হয়ে কোনো ফাইনালে এটাই তার প্রথম গোল। ৬০তম মিনিটে দূর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। ৭৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে ব্যবধান ৩-০ করে ফেলেন অধিনায়ক সার্জিও রামোস।
আরো পড়ুন: মেসি-ডেম্বেলের গোলে বার্সেলোনার জয়
৮৬তম মিনিটে হেডে ব্যবধান কমান জাপানিজ ডিফেন্ডার শিওতানি। তবে রিয়ালের জয়ের পথে তা কোনো বাধা হতে পারেনি। উল্টো যোগ করা সময়ে ইয়াহিয়া নাদেরের আত্মঘাতী গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
ইত্তেফাক/এএম