বাংলাদেশের ক্রিকেটের রেকর্ডের বরপুত্র বলা হয় সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সে রেকর্ড বইয়ের অনেক পাতায় নিজের নাম সংযোজন করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই ২০ রানে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন সাকিব। যার মাধ্যমে তিন ফরম্যাটেই পাঁচ উইকেট নেয়ার কৃতিত্বও গড়েছেন তিনি।
ক্রিকেট ইতিহাসে এক ভেন্যুতে তিন ফরম্যাট মিলে সর্বোচ্চ উইকেটের মালিক ইতোমধ্যে হয়ে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ফরম্যাটে সাকিবের ঝুঁলিতে আছে ১৯৯ উইকেট (গতকাল পর্যন্ত)। এক উইকেটের জন্য কোনো ভেন্যুতে প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাট মিলে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ হলো না সাকিবের। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ওভারে ৩৬ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। তাতেই ১৯৯ তে পৌঁছান তিনি।
তবে মিরপুরে এই অনন্য মাইলফলক স্পর্শ করতে সাকিবের অপেক্ষাটা এখন এক উইকেটের। কিন্তু সময়ের হিসেবে সেটি এক বছরও লম্বা হতে পারে। কারণ আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে দেশের মাটিতে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ২০১৯ সালের অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেখানেই ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে এক ভেন্যুতে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে পারবেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
তিন ফরম্যাট মিলে এক ভেন্যুতে বেশি উইকেট শিকারের এই তালিকায় সাকিবের পরেই আছেন মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান এই সাবেক কিংবদন্তি কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে তিন ফরম্যাটে ১৮৮ উইকেট উইকেট নিয়েছিলেন। ১২৬টি করে উইকেট নিয়ে তৃতীয় স্থানে ওয়াকার ইউনুস ও হিথ স্ট্রিক। ওয়াকার শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও হিথ স্ট্রিক হারারে স্পোর্টস ক্লাবে এই কীর্তি গড়েছেন।
আরো পড়ুন: মহাজোট-ঐক্যফ্রন্টের নীতিহীন রাজনীতি বর্জনের আহ্বান সেলিমের
মিরপুরে দুই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব। টেস্টে ৬৩ উইকেট নিয়ে শীর্ষে তিনি। মেহেদী হাসান মিরাজ ৩৯, তাইজুল ইসলাম ৩৮টি উইকেট পেয়েছেন। এই ভেন্যুতে ১১৩ উইকেট নিয়ে সেরা সাকিব। তারপরই আছেন ৯৪ উইকেট পাওয়া মাশরাফি। আব্দুর রাজ্জাকের ৭৫, রুবেল হোসেন ৬৫ উইকেট নিয়েছেন। তবে টি-টোয়েন্টিতে এই মাঠের সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার আল-আমিন হোসেন। কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি এই পেসার ২৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের উইকেট ২০টি। ভারতের অশ্বিনের ১৫টি, মুস্তাফিজের ১৪টি, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রির ১১টি উইকেট রয়েছে।
ইত্তেফাক/কেআই