টেলি সামাদের শাররীক অবস্থা অপরিবর্তিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের শাররীক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে তার বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী। টেলি সামাদের সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তার মেয়ে বাবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে শুক্রবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। টেলি সামাদের বড় মেয়ে জানান, রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছিল। তাই বুধবার তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। এখানে এনে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ক্যাবিন থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয় টেলি সামাদের। সেবছরই সেপ্টেম্বর মাসে তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। গত বছরের ২০ অক্টোবর জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে।

আরো পড়ুন: গরুকে অপমানের চূড়ান্ত শাস্তি পেলেন নাসিরুদ্দিন শাহ

টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

ইত্তেফাক/মোস্তাফিজ